উইন্ডিজের অন্তর্বর্তীকালীন কোচ পাইবাস

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২১:১২

রিচার্ড পাইবাসকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউএ)। অস্থায়ী কোচ নিক পোথাসের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। স্টুয়ার্ট ল’য়ের বিদায়ের পর দলের অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন নিক পোথাস। এর আগে পাকিস্তান ও বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন পাইবাস। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের হাই পারফরমেন্স পরিচালক হিসেবে কর্মরত ৫৪ বছর বয়সী এই ইংলিশ কোচ নতুন দায়িত্ব নিয়ে বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে আমরা নিজেদের প্রমাণ করতে চাই। ইংল্যান্ড বিশ্বমানের দল। আমাদের হোম কন্ডিশনে তাদের রেকর্ড যথেষ্ট ভালো। ডাবলিনে আয়ারল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজও রয়েছে। সমপ্রতি বাংলাদেশ হোম ও অ্যাওয়ে ওয়ানডে সিরিজে আমাদের পরাজিত করেছে। অন্যদিকে আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে পড়ায় আয়ারল্যান্ডও নিজেদের ফিরিয়ে আনার অপেক্ষায় আছে। আমাদের সব লক্ষ্য এখন বিশ্বকাপকে ঘিরে। ইংল্যান্ড ও ত্রিদেশীয় সিরিজে আমরা বিশ্বকাপের প্রস্তুতি সেড়ে নিতে চাই।’