ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে দক্ষিণ সন্ধ্যারই হাজিপাড়া এলাকায় ১৯ জুলাই রবিবার দুপুরে ডোবার পানিতে পড়ে হাসান আলী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ঐ এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ জুলাই রবিবার দুপুর ১২টার দিকে হাসান ও হোসেন দুই যমজ ভাইকে বাড়িতে রেখে তাদের মা বাবা মাঠে কাজ করতে যায়। বাড়িতে এসে হাসানকে খুঁজে না পেয়ে তাঁর মা ও নানী বাড়ির বাইরে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের বাড়ির পিছনের ডোবার পানিতে হাসানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফিরোজ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
রাণীশংকৈল থানার সাব ইন্সপেক্টর আহসান আলী বলেন, মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত এবং পারিবারের কোন অভিযোগ নেই। মৃতের পরিবার লাশ ময়না তদন্ত না করার অনুমতির জন্য সংশ্লিষ্ট কাউন্সিলর ও মেয়র বরাবর আবেদন করেছে অনুমতি সাপেক্ষে মৃতের দাফন সম্পন্ন করা হবে।
ইত্তেফাক/আরএ
