বৃথা গেল থিসারার বীরত্ব

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২১:১৩

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কার যখন সপ্তম উইকেটের পতন ঘটে, রান তখন মাত্র ১২৮ রান। হাতে আছে আর মাত্র ২৩টি ওভার। সেই অবস্থা থেকে দলটা যে ২৯৮ রান অবধি যেতে পারলো তার পেছনে পুরোটা কৃতিত্বই থিসারা পেরেরার। তিনি প্রায় একাই চালিয়ে গেছেন লড়াই। যদিও, সেই লড়াই জয়ের জন্য যথেষ্ট হয়নি। লঙ্কানদের হারতে হয়েছে ২৪ রানের ব্যবধানে।

টানা দুই ওয়ানডে জিতে নিয়ে এক ম্যাচ হাতে থাকতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে গেল স্বাগতিক নিউজিল্যান্ড। আগামী আট জানুয়ারি, মঙ্গলবার নেলসনের স্যাক্সটন ওভালে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। তবে, এখন এই ম্যাচটা শুধুই নিয়মরক্ষার।

শেষ ব্যাটসম্যান হিসেবে থিসারা যখন আউট হলেন তখন তার রান ১৪০। বল খেলেছেন মাত্র ৭৪টা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সেরা ইনিংসগুলোর সংক্ষিপ্ত তালিকা করলে নিঃসন্দেহে থিসারার এই ইনিংসটা জায়গা করে নেবে। যখন তিনি আউট হলেন তখনও হাতে আছে ২২টি বল। কে জানে, শেষ অবধি টিকে থাকলে ম্যাচের ফলাফলটা অন্যরকম হতেই পারতো।

জয় না আসলেও আটটি চার ও ১৩টি ছক্কার এই ধুন্ধুমার ইনিংসটির সুবাদে ম্যাচ সেরার পুরস্কারটা বাগিয়ে নিয়েছেন থিসারা। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পাওয়ার দিনে তিনি বলেন, ‘আমি নিজের পারফরম্যান্সে গর্বিত। আমি গেল আট বছর যাবত আট বা নয় নম্বরে ব্যাট করেছি। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ আমাকে সাত নম্বরে সুযোগ দেওয়ার জন্য। ইনিংসটা খেলার সময় আমি খুব বেশি কিছু ভাবিনি। দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করেছি। শেষের দিকের ব্যাটসম্যানদের যতটা কম সম্ভব স্ট্রাইক দেওয়ার চেষ্টা করেছি।’

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ৩১৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৯০ রান করেন রস টেলর। ওপেনার কলিন মানরোর ব্যাট থেকে আসে ৮৭ রান। এছাড়া ৩৭ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন জিমি নিশাম। শ্রীলঙ্কার হয়ে দুটি উইকেট অধিনায়ক লাসিথ মালিঙ্গা। ম্যাচে শ্রীলঙ্কার হয়ে বলার মতো পারফরম্যান্স আর একজনই কেবল করতে পেরেছেন। তিনি হলেন ওপেনার দানুশকা গুনাথিলাকা। ৭৩ বলে নয়টি চারের সৌজন্যে ৭১ রান করেন তিনি।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ইশ সোধি। এছাড়া জিমি নিশম ও ম্যাট হেনরি দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

টস: নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩১৯/৭  (টেলর ৯০, মানরো ৮৭, নিশাম ৬৪; নিকোলস ৩২; মালিঙ্গা ২/৪৫, প্রদীপ ১/৫৯)

শ্রীলঙ্কা: ৪৬.২ ওভারে ২৯৮ অল আউট (থিসারা ১৪০, গুনাথিলাকা ৭১, মেন্ডিস ২০, মালিঙ্গা ১৭; সোধি ৩/৫৫, হেনরি ২/৫২, নিশাম ২/৪৮)

ফল: নিউজিল্যান্ড ২১ রানে জয়ী।