ফলোঅনের শঙ্কায় অস্ট্রেলিয়া

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২১:১৩

স্পোর্টস রিপোর্টার

বৃষ্টির কল্যাণে সিডনিতে দিনের খেলা শেষ হয়ে গেল ১৭ ওভার আগেই। এর জন্য অস্ট্রেলিয়ার প্রকৃতির কাছে কৃতজ্ঞ থাকাই উচিত, কারণ তৃতীয় দিন গতকাল যতটা সময় স্বাগতিক ব্যাটসম্যানরা ক্রিজে ছিলেন পুরোটা সময়ই নাকাল হয়েছেন ভারতীয় স্পিনারদের সামনে।

প্রথম ইনিংসে ভারতের চাপিয়ে দেওয়া ৬২২ রানের জবাবে অস্ট্রেলিয়া মাত্র ২৩৬ রানেই হারিয়ে ফেলেছে ৬ উইকেট। ফলোঅন এড়াতেই তাদের দরকার আরও ১৮৭ রান। হাতে রয়েছে মাত্র চারটি উইকেট।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে ভারত সাত উইকেটে ৬২২ রান করে ইনিংস ঘোষণা করার পর অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনেই করেছিল বিনা উইকেটে ২৪ রান। এই রান নিয়ে শুরু করে তৃতীয় দিনে যোগ করেছে মাত্র ২১৬ রান। হারিয়েছে ৬টি উইকেট। অজিরা ৬ উইকেট অবশ্য হারায় ১৯৮ রানেই। সেখান থেকে দলকে ২৩৬ পর্যন্ত নিয়ে গেছেন পিটার হ্যান্ডসকম্ব ও প্যাট কামিন্স। দু’জনে মিলে সপ্তম উইকেটে গড়েছেন অবিচ্ছিন্ন ৩৮ রানের জুটি। হ্যান্ডসকম্ব ২৮ ও কামিন্স ব্যাট করছেন ২৫ রানে।

আগের দিনের ২৪ রানের সঙ্গে গতকাল সকালে হ্যারিস ও উসমান খাজা মিলে ওপেনিং জুটিতে আরও ৪৮ রান যোগ করে। ২৭ রান করা খাজাকে ফিরিয়ে দিয়ে এই জুটি ভাঙেন কুলদীপ যাদব। এরপর হ্যারিস ও লাবুশানে মিলে দলকে নিয়ে যান ১২৮ রানে। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। হঠাত্ হ্যান্ডসকম্ব ও কামিন্স ব্যাটসম্যান হয়ে না উঠলে এবং বৃষ্টি এসেছে বাগড়া না দিলে তৃতীয় দিনেই যবনিকা ঘটে যেতে পারত অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন ওপেনার মার্কাস হ্যারিস। ইনিংসে ছিল আটটি চার। মার্নাস ৩৮, উসমান খাজা ২৭ ও ট্রাভিস হেড ২০ রান করেন। বোঝাই যাচ্ছে, এই তিনজনই উইকেটে থিতু হয়ে যাওয়ার পর আউট হয়েছেন। ভারতীয় বোলারদের মধ্যে দিনের সেরা পারফরমার কুলদীপ যাদব। এই বাঁ-হাতি স্পিনার নিয়েছেন তিনটি উইকেট। তাকে যোগ্য সঙ্গ দিয়ে রবীন্দ্র জাদেজা নিয়েছেন দুই উইকেট। এছাড়া পেসার মোহাম্মদ শামি পান একটি উইকেট। জানিয়ে রাখা ভালো, চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম তিনটি শেষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। সিডনিতে চলমান এই টেস্ট জিতলে বা কোনোক্রমে ড্র করতে পারলেই প্রথম ভারতীয় দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরবে বিরাট কোহলির দল। আর টেস্টের যে অবস্থা তাতে বলাই যায়, সঠিক পথেই আছে বিরাট কোহলিরা।

সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস: ৬২২/৭ ডিক্লেয়ার

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: (আগের দিন শেষে ২৪/০) ৮৩.৩ ওভারে ২৩৬/৬ (হ্যারিস ৭৯, খাজা ২৭, লাবুশানে ৩৮, মার্শ ৮, হেড ২০, হ্যান্ডসকম্ব ২৮*, পেইন ৫, কামিন্স ২৫*; শামি ১/৫৪, বুমরাহ ০/৪৩, জাদেজা ২/৬২, কুলদীপ ৩/৭১)