একটি মঞ্চে ৩০ জন তারকা। দুই বাংলার দুই বিচারক ও দুই উপস্থাপক। প্রতিযোগিতা শুরু হলো। জিতবে কে? ঢাকা না কলকাতা?—এমন প্রশ্ন রেখে নাগরিক টিভিতে গতমাস থেকে শুরু হয়েছে ‘বাজলো ঝুমুর তারার নূপুর’ নামের প্রতিযোগিতামূলক তারকাদের লড়াইয়ের অনুষ্ঠান। এই লড়াইয়ে সামিল হয়েছেন দর্শকরার। দর্শকদের মধ্যে সাড়া জাগিয়েছে নাগরিক টিভির রিয়েলিটি শো বাজলো ঝুমুর তারার নূপুর। শুধু তাই নয়, জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে নাচের এই রিয়েলিটি শো। বাংলাদেশ-কলকাতার টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে এবং উভয় বাংলার সংস্কৃতির ঐতিহ্যের ধারা দুই বাংলার টেলিভিশন দর্শকদের মাঝে তুলে ধরার জন্যই বাজলো ঝুমুর তারার নূপুর। দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে নাচের এমন ধরনের অনুষ্ঠান এর আগে হয়নি। নাগরিক টিভিই প্রথম দুই দেশের শিল্পীদের নিয়ে কোনো নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করার উদ্যোগ নিলো। অনুষ্ঠানটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচার হচ্ছে। অনুষ্ঠানের এমন সাফল্যে খুবই খুশি নাগরিক টেলিভিশন কর্তৃপক্ষ। অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামন বাবু বলেন, ‘ভেবেছিলাম যে, দর্শকরা অনুষ্ঠানটি গ্রহণ করবে। আশা ছিল দর্শকরা নতুন ধরনের এই উদ্যোগকে গ্রহণ করবেন। সত্যিই খুব ভালো লাগছে যে, অনুষ্ঠান শুরুর পর থেকেই দারুণ সাড়া পাওয়া যাচ্ছে।’
