নেই বিতর্কিত আম্পায়ার তানভীর

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২১:১৫

স্পোর্টস রিপোর্টার

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ভুল সিদ্ধান্তের কারণে চরম সমালোচিত হয়েছিলেন আম্পায়ার তানভীর আহমেদ। গত ২২ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওশানে থমাসের এক ওভারে দুবার নো বলের ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন এই বাংলাদেশি আম্পায়ার। যার তীব্র প্রতিবাদ করেছিল উইন্ডিজরা। খেলা বন্ধ ছিল প্রায় আট মিনিট।

বিতর্কিত সিদ্ধান্ত দেওয়া সেই আম্পায়ার তানভীর আহমেদকে রাখা হয়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)  প্রথম পর্বে। গতকাল শুরু হওয়া ঢাকা পর্বে আটটি ম্যাচ। যেখানে দেশীয় চার আম্পায়ারের সঙ্গে আছেন দুইজন বিদেশি।

বিসিবির ঘোষিত ম্যাচ অফিসিয়ালদের তালিকায় দেখা যায়, প্রতিটি ম্যাচেই অন-ফিল্ড আম্পায়ার হিসেবে একপ্রান্তে থাকছেন ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ ও শ্রীলঙ্কার র্যানমোর মার্টিনেজ। ওয়ার্ফ আন্তর্জাতিক ক্রিকেটে দুটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। মার্টিনেজ আটটি টেস্ট, ৪৬টি ওয়ানডে, ২৯টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ার ছিলেন। দেশীয় আম্পায়ারদের মধ্যে আছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, নাদির শাহ ও মাহফুজুর রহমান লিটু।