এশিয়ান কাপ

থাইল্যান্ডকে অনুপ্রেরণা দেবে ‘ওয়াইল্ড বোর’ সদস্যরা

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২১:১৬

স্পোর্টস ডেস্ক

ভারতের বিরুদ্ধে এশিয়ান কাপে আজ থাইল্যান্ডকে অনুপ্রাণিত করবে গত বছর সেদেশের এক গুহায় আটকে পড়া থেকে নাটকীয়ভাবে উদ্ধার পাওয়া ফুটবল দলের সদস্যরা।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) গতকাল শনিবার জানায় ‘ওয়াইল্ড বোরস’ নামের এই কিশোর দলটির তিনজন সদস্যকে তাদের এক সহকারী কোচসহ আবুধাবির আল নাহিয়ান স্টেডিয়ামে খেলাটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এএফসি সভাপতি শেখ সালমান বিন এব্রাহিম আল খালিফা এক বিবৃতিতে বলেন, ‘১২ কিশোর ও তাদের কোচ ভীষণ কঠিন ওই সময়ে সাহস ও ধৈর্যের যে পরীক্ষা দিয়েছে, তার দুনিয়াজুড়ে লাখ লাখ মানুষের অনুপ্রেরণার উত্স।’

তিন কিশোরকে আমন্ত্রণ জানানোর বিষয়টি হলো তাদের ক্লাবকে ঘিরে ‘দুই বছরের এক সহযোগিতা কর্মসূচির অংশ। এ কর্মসূচির মধ্য দিয়ে তাদের টেকনিক্যাল সহযোগিতা, অনুশীলন সরঞ্জাম ও খেলার বল দেয়া হবে।

থাইল্যান্ড ও ভারত এশিয়ান কাপ ফুটবলের ‘এ’ গ্রুপের খেলায় আজ মুখোমুখি হচ্ছে। এই গ্রুপের অপর দুই দল স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও তাদের পড়শি বাহরাইনের খেলা দিয়ে গতকাল থেকে এশিয়ার দেশগুলোর সবচাইতে বড় ফুটবল আসরটি শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের জুলাই মাসে থাইল্যান্ডের এক গুহায় ঢুকে হঠাত্ বৃষ্টির কারণে পানি জমে যাওয়ায় দুই সপ্তাহ সেখানে আটকা ছিল এই কিশোর ফুটবলাররা। কারণ বৃষ্টির কারণে গুহা থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যায়। পরে আন্তর্জাতিক ভাবে জড়ো হওয়া ডাইভারদের এক দল জটিল ও বিপজ্জনক অভিযান শেষে কিশোর ফুটবলারদের বের করে নিয়ে আসে।