ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, শনিবার মেয়রের করোনা উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। সোমবার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ঝিনাইদহে করোনা সংক্রমণ প্রতিরোধে খুবই সক্রিয় ছিলেন তিনি।
সিভিল সার্জন আরও জানান, সোমবার জেলায় ১৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৪৫ জন। কালীগঞ্জ উপজেলায় আড়পাড়া গ্রামে বিমল মল্লিক ( ৭০ ) নামে একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ১৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৩ জন, শৈলকূপা উপজেলায় একজন, কালীগঞ্জ উপজেলায় ২ জন ও কোটচাঁদপুর উপজেলায় ৩ জন রয়েছেন। মৃত বিমল মল্লিকের করোনায় আক্রান্তের রিপোর্ট পজিটিভ আসে শুক্রবারে। তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। রবিবার রাতে তিনি মারা যান।
ঝিনাইদহে করোনা প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। গায়ের সাথে গা ঘেঁষে হাট বাজারে কেনাকাটা করছে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অধিক সংখ্যায় করোনা আক্রান্ত এলাকা গুলো লকডাউন করা হয়েছে বলে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান।
ইত্তেফাক/এমআরএম
