মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, সিনাই উপদ্বীপে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে মিসরকে সহযোগিতা করছে ইসরাইল এবং দেশটির সঙ্গে মিসরের বহু বিষয়ে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসকে দেওয়া এক সাক্ষাত্কারে একথা বলেছেন তিনি। সোমবার এই সাক্ষাত্কার প্রকাশিত হবে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ খবর জানিয়েছে।
সাক্ষাত্কারটির চুম্বক অংশ সিবিএস প্রকাশ করেছে। সোমবার সিক্সটি মিনিটস অনুষ্ঠানে তা প্রচার করা হবে। মিসর সরকার সাক্ষাত্কারটি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছিল। যদিও প্রতিষ্ঠানটি মিসরের এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। মিসরের প্রেসিডেন্ট স্বীকার করেছেন, দেশটির সেনাবাহিনীর সঙ্গে ইসরাইলের গভীর সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান। সিনাই উপদ্বীপে সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে চলা যুদ্ধে ইসরাইলের সঙ্গে কাজ করছে মিসরের সেনাবাহিনী। তার ভাষ্য, ‘এটা ঠিক যে ইসরাইলের সঙ্গে আমাদের বহু বিষয়ে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে।’
