আইএসের বিরুদ্ধে লড়াই শেষ না হওয়া পর্যন্ত মার্কিন
সেনাবাহিনী সিরিয়ায় অবস্থান করতে পারে বলে
জানালেন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা
রয়টার্স
অনির্দিষ্টকাল অবস্থানের পরিকল্পনা না থাকলেও, সিরিয়া থেকে সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কোনো সময়সীমা নেই বলে শুক্রবার জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই শেষ না হওয়া পর্যন্ত মার্কিন সেনাবাহিনী সিরিয়ায় অবস্থান করতে পারে, তার এই বক্তব্য সেটারই ইঙ্গিত।
গত ১৯ ডিসেম্বর হঠাত্ করেই সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প। তখন তিনি সিরিয়ায় আইএস’কে পরাজিত করার দাবিও করেন। সেনা প্রত্যাহারে ট্রাম্পের ওই সিদ্ধান্তের সঙ্গে একমত ছিল না যুক্তরাষ্ট্রের মিত্র বেশ কয়েকটি দেশ। এছাড়া মার্কিন প্রশাসনের মধ্যেও বিষয়টি নিয়ে ভিন্নমত দেখা দেয়। আফগানিস্তান ও সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের মতো কিছু সিদ্ধান্তের বিরোধিতা করে পদত্যাগে বাধ্য হন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। ট্রাম্প সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করছেন বলে রিপাবলিকান একজন সিনেটর পরবর্তীতে সংবাদমাধ্যমকে জানান।
আগামী সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মধ্যপ্রাচ্য সফরের আগে শুক্রবার ওয়াশিংটনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘সিরিয়া থেকে সামরিক বাহিনী প্রত্যাহারে আমাদের কোনো সময়সীমা নেই। এটা এমনভাবে করা হবে যাতে আমরা, আমাদের মিত্র ও অংশীদারেরা আইএসের ওপর সম্পূর্ণরূপে চাপ বজায় রাখে এবং আমরা সন্ত্রাসীদের জন্য কোনো শূন্যস্থান খোলা রাখি না।’ তিনি আরো বলেন, সিরিয়ায় অনির্দিষ্টকালের জন্য সামরিক উপস্থিতি থাকুক— যুক্তরাষ্ট্র তা চায় না।
