কিশোরী আইএস যোদ্ধা হত্যায় মার্কিন নৌ কমান্ডার অভিযুক্ত

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২১:২৪

 

মার্কিন নৌবাহিনীর এক অভিজ্ঞ কমান্ডারের বিরুদ্ধে বোমা হামলায় আহত এক কিশোরীকে ছুরি মেরে হত্যার অভিযোগ আনা হয়েছে। ১৫ বছর বয়সী ওই কিশোরী মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধা ছিল বলে জানিয়েছেন মার্কিন কৌঁসুলিরা।

সান ডিয়েগোর নৌ-ঘাঁটিতে শুক্রবার অ্যাডওয়ার্ড গালাহারের বিরুদ্ধে নির্বিচারে বেসামরিক ইরাকি হত্যাসহ আরও বেশ কয়েকটি অপরাধের অভিযোগ আনা হয়েছে বলেও বিবিসি জানিয়েছে। নেভি সিলের বিশেষ একটি বাহিনীর প্রধান হয়ে গালাহার ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মসুলে ছিলেন। ১৯ বছর ধরে নৌবাহিনীতে থাকা এ ঝানু স্নাইপার ও সামরিক চিকিত্সক সেখানেই এসব অপরাধ করেন বলে ভাষ্য সামরিক বাহিনীর তদন্ত কর্মকর্তাদের।

অবশ্য গালাহার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।