নওগাঁ প্রতিনিধি
মান্দায় প্রায় বিলুপ্ত লোকজ সংস্কৃতি মাদারের গানের তিনদিনের আসর বসেছে। উপজেলার কয়াপাড়া গ্রামের মেহেদী হাসান রাজুর বাড়িতে গত বুধবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এই গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী মাদারের গানের আসর বসে। এই ঐতিহ্যবাহী গান শোনার জন্য ছোট, বড় সকল বয়সী হাজারো উত্সুক জনতা ভিড় জমায়। বিভিন্ন অঞ্চল থেকে শিল্পীরা এই আসরে গান পরিবেশন করতে আসে।
মান্দা উপজেলার কয়াপাড়া গ্রামের প্রবীণ আমির বাবু জানান, অধিকাংশ পাড়া-মহল্লায় সন্ধ্যা থেকে বাড়ির উঠানের খোলা আকাশের নিচে রাতভর জমজমাটভাবে উদযাপিত হতো এই মাদারের গানের আসর। গ্রামের ছোট, বড় সকল বয়সী নারী-পুরুষ হাজারো উত্সুক জনতা সকলে মিলে শপ, পাটি ও খড়কুটো পেতে এই মাদারের গান উপভোগ করতেন। আজ তা শুধু গল্পের মত শোনা যায়।
ভুট্টু, মিন্টু, নুসরাত জাহান নাইজিতসহ আরো অনেকে জানান, এই জনপ্রিয় গানের আসরের কথা অনেক শুনেছি। হঠাত্ এতদিন পরে গ্রাম-বাংলার এই আসরে উপস্থিত হতে পেরে খুব ভালো লেগেছে। এই ধরনের উত্সব গ্রামে আরো হলে এলাকার মানুষের জীবনে নতুন করে আনন্দ ও গ্রাম-বাংলার সংস্কৃতি সম্পর্কে আগামী প্রজন্মের ধারণা যোগাবে। যার মাধ্যমে তরুণ প্রজন্ম সন্ত্রাস, নাশকতা ও মাদক থেকে বিরত থাকবে। মেহেদী হাসান রাজু জানান, রাজশাহীর বাগমারা থেকে মাদার গানের শিল্পী শাহীনের দল ভাড়া করে ছোট পরিসরে হলেও এই গানের আয়োজন করতে পেরে এবং এতো লোকের সমাগম হওয়ায় খুব ভালো লাগছে।
