মনোবিদের ক্লাসে যুব ও নারীরা

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:৪৩

স্পোর্টস রিপোর্টার

করোনার মহামারিতে প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের বিশ্বকাপজয়ী যুব দল। এই দলটাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছু বিশেষায়িত পরিকল্পনা করেছিল। কিন্তু করোনা থমকে দিল সব। এখন উলটো ঘরবন্দি এই ক্রিকেটাররা মানসিক সংকটে পড়েন কি না, সে নিয়ে সংকট। একইরকম সংকটে আছেন অনেক খেলা থেকে দূরে থাকা নারী দলের খেলোয়াড়রা। আর এদের জন্যই বিসিবি অনলাইনে আয়োজন করেছিল মনোবিদের ক্লাসের।

কানাডাপ্রবাসী বাঙালি মনোবিদ আলী খান মেয়েদের ও যুব ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন। সেই অভিজ্ঞতা থেকে নারী দলের নারী ওয়ানডে দলের অধিনায়ক রুমানা আহমেদ বলছিলেন, ‘উনি আমাদের বিশ্বাস করানোর চেষ্টা করলেন যে, আমরা যেটা ভাবি বা যেটা নিয়ে টেনশন করি বাস্তবতা মোটেও ওরকম নয়। কী হবে, না হবে এসব নিয়ে আমরা অনেক বেশি চিন্তা করি বলে এক ধরনের চাপ মনের ওপরে এসে যাচ্ছে। উনি বলেছেন ভয়ভীতি জীবনকে তছনছ করে দেয়। ভয় না পেয়ে নিজেদের ওপরে যেন বিশ্বাস রাখতে পারি সেই কথা বলেছেন। ধরেন আমি ক্রিকেট অনুশীলন করছি ১০ বছরের বেশি হয়ে গেছে। এখন পাঁচ মাস যদি আমি বসেও থাকি সব ভুলে যাব এটা তো হতে পারে না। উনি এভাবেই আমাদের বুঝিয়েছেন।’

আলী খানের সঙ্গে আগেও কাজ করার অভিজ্ঞতা আছে রুমানার। বলছিলেন, উনি সব সময়ই মনের শক্তির ওপর জোর দেন, ‘এই সময়ে এই ধরনের ক্লাস অবশ্যই আমাদের অনেক সহযোগিতা করবে। এর আগে ২০১৪ সালে উনিই একটি ক্লাস নিয়েছিলেন। ইয়োগা করা, মনের বিশ্বাস জোগানো, মানসিক সাপোর্ট—এগুলো ভালো ব্যাপার। এতে করে অনেকেই মানসিকভাবে এগিয়ে যাবে। আমরা খুবই খুশি কারণ এটা আমাদের খুব দরকার ছিল।’