বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
প্রশাসনের তত্পরতায় এখন নেশার ধরন পাল্টে দিয়েছে মাদকসেবীরা। ফেন্সিডিলের পরিবর্তে শামপ্যাক ঝাকি আর মিক্সার দিয়ে চলছে মাদক সেবন। এসব নেশা হাতের নাগালে পাওয়ায় স্কুল-কলেজের ছাত্রসহ জড়িয়ে পড়ছে বিভিন্ন পেশার মানুষ। নিকটবর্তী ফার্মেসি আর ওষুধের দোকানে ডাক্তারের চিকিত্সাপত্র ছাড়াই প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে বিক্রি হচ্ছে এসব উপকরণ। আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের কারণে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করতে নিরাপদ মনে করছে না মাদকসেবী ও বিক্রেতারা। তাই মাদকসেবীরা বিকল্প খুঁজতে ফার্মেসিগুলোতে ছুটে যাচ্ছে।
বদলগাছী থানা সূত্রে জানা গেছে, গতবছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত একবছরে থানায় মোট মামলা হয়েছে ৩০৩টি। এর মধ্যে মাদক আইনে মামলা হয়েছে ১৩৯টি। একই বছরের ৯ মে ১৭ জন মাদকসেবীকে গ্রেফতার করে মাদক মামলার আওতায় এনে আদালতে সাজা প্রদান করা হয়। বদলগাছী থানার অফিসার ইনচার্জ জালালউদ্দীন বলেন, শামপ্যাক, মিক্সার ফার্মেসিতে পাওয়া যাচ্ছে এবং মাদকসেবীরা সেগুলো কিনছে বিষয়টি আমিও শুনেছি। তবে সেটা বৈধ না অবৈধ আমার জানা নেই। অবৈধ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
