নারী উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা সহজ করা জরুরি :স্পিকার

আপডেট : ২১ জুলাই ২০২০, ০০:১৯

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাত্ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো। গতকাল সোমবার সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তিনি সাক্ষাত্ করেন। এসময় স্পিকার বলেন, নারীর ক্ষমতায়ন করতে হলে বেশি করে নারী উদ্যোক্তা তৈরি করতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করে নারী উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা সহজ করা খুবই জরুরি।

মিয়া সেপ্পোর সঙ্গে আলাপকালে স্পিকার আরো বলেন, নারী-শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসন বিশেষ করে মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের আরো সচেষ্ট হওয়ার দরকার। এক্ষেত্রে নিয়মিতভাবে কাউন্সিলিং ও সেমিনার খুবই কার্যকর ভূমিকা পালন করতে পারে। করোনার এই পরিস্থিতিতে অর্থনীতিকে শক্তিশালী করতে রেমিট্যান্স ও তৈরি পোশাক শিল্পের পাশাপাশি কৃষি, মত্স্য, মানবসম্পদ উন্নয়ন এবং অধিক কর্মসংস্থান তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন শিরীন শারমিন।

মিয়া সেপ্পো বলেন, ইউএনডিপি সুদীর্ঘকাল বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে এবং ভিশন-২০২১ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।