নির্বাচনের আগেই ফল মানার ঘোষণা দিতে নারাজ ট্রাম্প

আপডেট : ২১ জুলাই ২০২০, ০০:২১

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু এর আগেই ফলাফল মানার ঘোষণা দিতে চান না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বারের মতো তিনি রিপাবলিকান দল থেকে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। করোনা ভাইরাস এবং কৃষ্ণাঙ্গ হত্যায় বিক্ষোভের জেরে দেশটিতে তার জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। এমনকি একটি শহরের মেয়রের সঙ্গেও তার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। খবর লস অ্যাঞ্জেলস টাইমস ও রয়টার্সের

প্রেসিডেন্ট ট্রাম্প রবিবার প্রচারিত ফক্স নিউজকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনের ফল যাই হোক না কেন তা মেনে নেব এমন ঘোষণা আমি এখনই দিতে চাই না। তিনি বর্তমানের জনমত জরিপও প্রত্যাখ্যান করেন। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃত্যুহার অন্যান্য দেশের তুলনায় অনেক কম। কিন্তু তার এই দাবি সত্য নয় বলে জানা গেছে। এখন পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে। বিশ্বে মৃত্যুহারের দিক থেকে ওপরের দিকের ১০টি দেশের একটি যুক্তরাষ্ট্র। ট্রাম্প আরো দাবি করেছেন, পরীক্ষার দিক থেকে যুক্তরাষ্ট্র অনেক দেশের জন্য ঈর্ষার পাত্র। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী আরো প্রায় ৬৪ হাজারের মতো নতুন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। যুক্তরাষ্ট্রে ৩৭ লাখ ৬২ হাজার ৮১ জন রোগী শনাক্ত হয়েছে।

মেয়রের সঙ্গে দ্বন্দ্ব

প্রেসিডেন্ট ট্রাম্প অরেগন রাজ্যের পোর্টল্যান্ড শহরে বিক্ষোভের নিন্দা জানিয়েছেন। তিনি ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরের এসব বিক্ষোভ উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন। বর্ণবাদবিরোধী বিক্ষোভে বিভিন্ন নেতা বিশেষ করে ক্রিস্টোফার কলম্বাসের ভাস্কর্যও ভেঙে ফেলার চেষ্টা চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, আমরা পোর্টল্যান্ডকে সহায়তা করতে চাই। কিন্তু সেখানকার নেতারা পরিস্থিতি সামাল দিতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। আমরা সরকারি সম্পত্তিকে রক্ষা করতে চাই। পোর্টল্যান্ড মেয়র টেড হুইলার বলেন, ফেডারেল সরকারের উপস্থিতিই পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। আমরা চাই, তাদেরকে এখান থেকে সরে যাওয়া উচিত।