মালিক-শ্রমিক দ্বন্দ্ব
নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় মালিক-শ্রমিক দ্বন্দ্বে দ্বিতীয় দিনেও জেলার আন্তঃরুটে সকল বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। শুক্রবার সকাল থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্দেশে বাস চলাচল বন্ধ আছে। ফলে বিকল্প হিসেবে জরুরি প্রয়োজনে যাত্রীরা অটোরিকশা ও ব্যাটারিচালিত চার্জারে যেতে বাধ্য হচ্ছেন। এতে বাড়তি ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের।
নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুল আলম জানান, নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক কোনো নিয়মনীতি না মেনে গত তিন মাস যাবত্ ঢাকা থেকে নওগাঁ রুটে বাস চলাচল করাচ্ছেন। তিনি মালিক সমিতিতে ভর্তি ও রুট পারমিট না নিয়ে গত ১৫/২০ দিন থেকে আবারও নতুন করে চার/পাঁচটি বাস চলাচল করাচ্ছেন। যার কারণে স্বাভাবিক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সমিতির নিয়ম মানতে তাকে একাধিকবার চিঠি দেওয়া হলেও কোনো সদোত্তর না দিয়ে তিনি জোর করে বাস চালাতে চাইছিলেন। এ কারণে শুক্রবার সকাল থেকে আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান, তাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। মালিকরাই বাস বন্ধ রেখেছেন। আর আমার সকল কাগজপত্র ঠিক আছে।
যাত্রী আমজাদ হোসেন, করিম হাসান রুমি আখতার জানান, জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন আমরাও ভোগান্তিতে পড়েছি। সেই সঙ্গে গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, বিষয়টি সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
