পটুয়াখালী প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সপ্তমবারের মতো জাতীয় সংসদ সদস্যপদে নির্বাচিত হয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) নির্বাচনী এলাকার মহাজোট ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম ফিরোজ। বাউফল উপজেলার ১০৮টি ভোটকেন্দ্রে মহাজোট ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৭৮৩ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ নজরুল ইসলাম পেয়েছেন ৯ হাজার ২৬৯ ভোট।
এই আসনে ১৯৭৯, ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে এমপি নির্বাচিত হন বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম ফিরোজ। আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হওয়া সত্ত্বেও ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের হাতছাড়া হয় এই আসনটি। ২০০৮ সালের নির্বাচনে আসনটি পুনরুদ্ধার করে নেন আওয়ামী লীগের আ.স.ম ফিরোজ। ২০১৪ সালের নির্বাচনে পুনরায় নির্বাচিত হলে আ.স.ম ফিরোজকে জাতীয় সংসদের চিফ হুইপ নির্বাচিত করা হয়।
