বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২১:৩৭

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্থগিত হওয়া তিন কেন্দ্রের ভোট গ্রহণ আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ আসনের আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন ওই তিন কেন্দ্রের মৃত ও প্রবাসী ভোটারদের ভোট আগের রাতেই কাস্ট করার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী উকিল আবদুস সাত্তার ভুঁইয়া। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের সবুজবাগ এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন সাত্তার।

এ আসনের ১৩২ কেন্দ্রের মধ্যে ১২৯ কেন্দ্রের ফলাফলে উকিল আব্দুস সাত্তার ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৭২৩ ভোট আর মঈন উদ্দিন ‘কলার ছড়ি’ প্রতীক নিয়ে পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট। স্থগিত এই তিন কেন্দ্রের ভোটার সংখ্যা ১০ হাজার ৫৭৪। এর মধ্যে মৃত ও প্রবাসী ভোটার রয়েছে ৫৬৩জন। আর উকিল আব্দুস সাত্তার ১০ হাজার ১৫৯ ভোটে এগিয়ে রয়েছে। গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের ৩টি কেন্দ্রে স্থানীয়ভাবে প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা করলেও রাতে অনিয়ম ও গোলযোগের কারণ দেখিয়ে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। স্থগিত হওয়া কেন্দ্র হলো- যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোহাগপুর (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনটি কেন্দ্রই আশুগঞ্জ উপজেলায় অবস্থিত। আর স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিনের বাড়ি আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামে। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক জহিরুল হক, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।