তিন ভারতীয়কে লক্ষ্য করে গুলি নেপাল পুলিশের, আহত ১

আপডেট : ২১ জুলাই ২০২০, ০৬:৪০

সীমান্তে ভারতীয়দের লক্ষ্য করে ফের গুলি চালিয়েছে নেপাল পুলিশ। তিনজনের দিকে তাক করে গুলি ছোড়া হয়। আহত হয়েছেন একজন। বিহার পুলিশ জানিয়েছে, শনিবার রাতে বিহারের কিষানগঞ্জ জেলার তেরহাগাছ ব্লকের ফতেহপুরের ভারত-নেপাল সীমান্তে এই ঘটনা ঘটেছে। খবর হিন্দুস্তান টাইমসের

কিষানগঞ্জের পুলিশ বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছে, শনিবার রাতে কিষানগঞ্জ জেলায় তিন ভারতীয়কে লক্ষ্য করে গুলি চালিয়েছে নেপাল পুলিশ। এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশংকাজনক। ঐ তিনজন জানিয়েছেন, তারা নিজেদের গবাদি পশুর খোঁজ করছিলেন। সেই সময় নেপাল পুলিশ তাদের উপর গুলি চালিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ভারত-নেপাল সীমান্তের কাছে মাফি তোলা নামে একটি জায়গায় নিজেদের গবাদি পশুর খোঁজে গিয়েছিলেন জিতেন্দ্র কুমার সিং। তারই গুলি লেগেছে। তার অবস্থা আশংকাজনক বলে কিষানগঞ্জের পুলিশ জানিয়েছে। জিতেন্দ্রের সঙ্গে ছিলেন তার দুই বন্ধু অঙ্কিত কুমার সিং এবং গুলশন কুমার সিং। সেই সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় সীমান্তে মোতায়েন থাকা নেপাল পুলিশ।

এর আগে ১২ জুন নেপালি পুলিশের গুলিতে একজন নিহত এবং চার ভারতীয় আহত হয়েছিলেন।