যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদবিরোধী ও পুলিশি নিপীড়নবিরোধী আন্দোলন দমানোর জন্য ডেমোক্র্যাট দল নিয়ন্ত্রিত শহরগুলোতে মার্কিন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর আরো সদস্য মোতায়েনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউজে ট্রাম্প এমনটি জানান।
রিপাবলিকান সমর্থিত ট্রাম্প জানান, নিউ ইয়র্ক, শিকাগো, ফিলাড্যালফিয়া, ডেট্রোয়েট, বাল্টিমোর, ওকল্যান্ড, ক্যালিফোর্নিয়া শহরে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন হবে । ট্রাম্প ওই সব শহরের ডেমোক্র্যাট মেয়রদের সমালোচনা করেন ট্রাম্প।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা নিরাপত্তা বাহিনী পাঠাচ্ছি। আমরা শহরগুলোতে এমন চলতে দিতে পারি না।
এদিকে যুক্তরাষ্ট্রে ওরেগনের বৃহত্তম শহর পোর্টল্যান্ডে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিজেদের দায়িত্বস্থল থেকে অনেক দূরে সরে এসে বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের ওপর ধরপাকড় চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি বিনা অভিযোগে তাদের আটকে রাখার অভিযোগ তুলেছেন ওরেগন অঙ্গরাজ্যের গভর্নর কেট ব্রাউন।
মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে গত ২৫ মে পুলিশ হেফাজতে মারা যান আফ্রিকান আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েড। তার এমন মৃত্যুতে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র হয়ে ওঠা বর্ণবাদবিরোধী ও পুলিশি নিপীড়নবিরোধী আন্দোলন এখনো চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন শহরে মোতায়েন কেন্দ্রীয় নিরাপত্তা সদস্যদের কার্যক্রমও অব্যাহত আছে।
ইত্তেফাক/এআর
