চুয়াডাঙ্গায় ভয়াবহ রূপ ধারণ করছে করোনাভাইরাস। বিশেষ করে চুয়াডাঙ্গা পৌর শহর ও এর আশপাশ এলাকার ছড়িয়ে পড়েছে এর সংক্রমণ অবস্থা। গত ২৪ ঘণ্টায় ৮৪ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের শরীরে মিলেছে করোনা পজিটিভ।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।
আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর পৌরসভা এলাকার ২৬ জনসহ সদর উপাজেলায় ২৯ জন, আলমডাঙ্গা উপজেলায় ৯ জন এবং দামুড়হুদা উপজেলায় ৫ জন ও জীবননগর উপজেলায় ৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪৬ জনে। এর মধ্যে সোমবার পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬ জন।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গত ২৪ ঘণ্টায় ৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৮৪ জনের নমুনা সংগ্রহের ফলাফল আসে। যার মধ্যে ২ জনের ফলোআপসহ ৪৮ জনের শরীরে করোনা পজিটিভ রিপোর্ট আসে।
ইত্তেফাক/আরকেজি
