কুমিল্লায় পাচারকালে ট্রাক বোঝাই কাঠ জব্দ

আপডেট : ২১ জুলাই ২০২০, ২০:৩৫

কুমিল্লায় পাঁচ লাখ টাকা মূল্যের অবৈধ কাঠ বোঝাই একটি কাভার্ডভ্যান আটক করেছে জেলা সামাজিক বন বিভাগের একটি দল। মঙ্গলবার জেলার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধনাইতরী এলাকায় থেকে ট্রাকটি আটক করা হয়। তবে পালিয়ে গেছেন এর চালক ও সহযোগী। এ ব্যাপারে বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে।

কুমিল্লা সামাজিক বন বিভাগীয় কর্মকর্তা কাজী মুহাম্মাদ নূরুল করিম জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি ফরেস্ট চেক স্টেশনে ঢাকা অভিমুখী কাঠ বোঝাই কাভার্ডভ্যানকে থামানোর জন্য  চালককে সঙ্কেত দিলে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এসময় কাভার্ডভ্যানের পিছু ধাওয়া করলে উপজেলার ধনাইতরী এলাকায় গিয়ে চালক ও তার সহযোগী কাঠ বোঝাই কাভার্ডভ্যান মহাসড়কে রেখে পালিয়ে যায়। 

তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ টাকার অবৈধ গামার কাঠ জব্দ করা হয়। এ ব্যাপারে কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (বন আদালত) একটি মামলা দায়ের করা হয়েছে। 

অভিযানে অংশ নেন বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মো. তোষাররফ হোসেন, ফরেস্টার দিলীপ কুমার দাস, বন প্রহরী এম এ মান্নান, জুলফু মিয়া, আবুল হোসাইন। 

ইত্তেফাক/এসি