বাঘা (রাজশাহী) সংবাদদাতা
বাঘায় গাছ থেকে পড়ে আজাহার আলী নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার পূর্বে নিজ গ্রামের একটি আম বাগানে শুকনা ডাল (খড়ি) ভাঙতে গেলে এ দুর্ঘটনা ঘটে। মৃত আজাহারের বাড়ি উপজেলার কলিগ্রাম এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানান, শুক্রবার একই গ্রামের রতন আলী নামে এক ব্যক্তির আম বাগানে গিয়ে গাছে উঠে শুকনা (খড়ি) ভাঙছিল আজাহার আলী (৫০)। এ সময় আকস্মিকভাবে গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে যান তিনি। এরপর ওই গ্রামের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিত্সক আজাহার আলীকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
