তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। শনিবার দুপুরে তালা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি বলেন, “অবহেলিত তালা উপজেলাবাসীর ভাগ্য উন্নয়নে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের কান্ডারি সফল ও বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী। শেখ হাসিনা সরকার বলিষ্ঠ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এলাকার অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে। এই মানসিকতা বাস্তবায়নে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আপনাদের দোয়া ও আর্শীবাদ কামনা করছি।” এলাকার উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট, ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, মন্দির, স্বাস্থ্য খাতের উন্নয়নসহ সার্বিক উন্নয়নের আশ্বাস দেন তিনি।
এ সময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট অনিত মুখার্জী, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দ্দার, মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, জেএসডি কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, ভূমিজ ফাউন্ডেশনের সমন্বয়কারী অচিন্ত্য সাহা, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক শংকর দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
