কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
শনিবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন রাজু হোসেন (২৭), ইদ্রিস আলী (৬০) ও তার ছেলে মঞ্জু হোসেন (২৮)।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করে জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পিকআপভ্যানটি ঝাঐল ওভার ব্রিজ এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে পিকআপটি রাস্তার উপর পড়ে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিন যাত্রী নিহত হন।
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, শুক্রবার সন্ধ্যায় নাচোল আমনুরা সড়কের বরেন্দা বটতলায় মাইক্রোবাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ব্যক্তি নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের অমৃতপুর গ্রামের মৃত ফানুষ মণ্ডলের ছেলে মোজাম্মেল হক (৭০)।
নাচোল থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
