বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার খান আর নেই

আপডেট : ২১ জুলাই ২০২০, ২২:৪৬

বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের মায়ার হাট গ্রামের বাসিন্দা, ভোড়া কালিকাবাড়ি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৭২) সোমবার  সন্ধ্যা ৭টায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 
তিনি স্ত্রী,  এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে ভোড়া কালিকাবাড়ি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগে ভুগছিলেন।  

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আব্দুস সাত্তারের নেতৃত্বে ৩ ডিসেম্বর বরগুনা হানাদারমুক্ত হয়েছিল। এই বীর মুক্তিযোদ্ধা ১৯৭১ সালের ৩  নভেম্বর তার সঙ্গীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে ফজরের আজানকে সংকেত হিসেবে গ্রহণ করে বরগুনার বিভিন্ন এলাকা থেকে পাক হানাদার বাহিনীর উপর একযোগে আক্রমণ করেন। সেদিন তার নেতৃত্বে রাজাকাররা বরগুনায় আত্মসমর্পণ করেছিল।  

এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন, বেতাগী উপজেলা নির্বাহী অফিসার রাজীব আহসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এবিএম গোলাম কবীর, যুদ্ধকালীন কমান্ডার মোতালেব সিকদার, প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান মজনুসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ইত্তেফাক/ইউবি