চিকিত্সার নামে অসাধু বাণিজ্য কাম্য নয়

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২১:৪৬

চিকিত্সা মানুষের জীবনের সঙ্গে জড়িত। মানুষ মাত্রই রোগাক্রান্ত হয়। বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন চিকিত্সকের দ্বারপ্রান্তে যায়। বিভিন্ন সরকারি হাসপাতাল কিংবা বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। মানুষের এই সমস্যাকে পুঁজি করে এক শ্রেণির মানুষ তাদের আখের গোছানোর কাজে লেগেছে। চিকিত্সা ব্যবস্থাকে ব্যবসা হিসেবে নিয়েছে। নামে-বেনামে বিভিন্ন অননুমোদিত হাসপাতাল খুলে ব্যবসা চালিয়ে যাচ্ছে। কিছু ডাক্তার আছেন যারা চিকিত্সাকে ব্যবসার পর্যায়ে নামিয়ে এনেছেন। যেকোনো রোগের নামে ডায়াগনোষ্টিক সেন্টারের সঙ্গে যোগসাজশে রোগীদের কাছ থেকে অনেক টাকা নিয়ে নিচ্ছেন। এর জন্য ডায়গনোষ্টিক সেন্টারগুলো থেকে ডাক্তাররা বড় অংকের কমিশন পাচ্ছেন। ডাক্তারের কাছে রোগী দেখাতে গেলে তিনি পছন্দের ডায়াগনোষ্টিক সেন্টারে পরীক্ষার জন্য রোগী পাঠাচ্ছেন। সেই ডায়াগনোষ্টিক সেন্টারে রোগী যদি পরীক্ষা না করান তাহলে সেই ডাক্তার এই পরীক্ষাটি বাতিল করে দিচ্ছেন। আবার তার পছন্দমত ডায়াগনোষ্টিক সেন্টারে পরীক্ষার জন্য পাঠাচ্ছেন। এর ফলে দেখা যায় রোগীর টাকা অযথা খরচ হয়ে যায়। কারণ ডাক্তারবাবুর যে কমিশন পেতেই হবে। অনেক ডাক্তার আবার কমিশন পাওয়ার লোভে নিজের পছন্দ মত কোম্পানির ওষুধ দেন। ইদানীং দেখা যায় অনেক ডেলিভারি রোগীদের বেশিরভাগ সময় সিজার করা হয়। কারণ অনেক ডাক্তার নরমাল ডেলিভারির চেষ্টা করেন না। কারণ, নরমাল ডেলিভারি করলে যে তারা কম টাকা পাবেন। কিন্তু রোগীর আত্মীয়-স্বজনদের ভয় দেখিয়ে সিজার করলে তারা অনেক টাকা পাবেন। অবৈধ বেসরকারি হাসপাতালগুলো প্রয়োজন থেকে বেশি সময় রোগীদের ভর্তি রাখা হয়। এবং বিভিন্ন নামে অযথা বিল রাখা হয়। অনেক সময় দেখা যায় রোগী কিংবা তার আত্মীয়-স্বজন এই বিল পরিশোধ করতে না পারলে রোগী আটকিয়ে রাখা হয়। রোগী কিংবা তার আত্মীয়-স্বজনদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। গ্রামাঞ্চলের অনেক হাসপাতালের ক্ষেত্রে দেখা যায় ভালো ডাক্তার এখানে থাকে না। সরকার যদি পাঠায়ও তারা ঠিকমত হাসপাতালগুলোতে থাকে না। এর ফলে গ্রামাঞ্চলের মানুষ আধুনিক চিকিত্সা থেকে বঞ্চিত থাকে। তাদেরকে অনেক টাকা খরচ করে শহরের দিকে ছুটতে হয়। ডাক্তারি মহান পেশা। এই পেশার মাধ্যমে মানুষের সেবা করা সম্ভব। কিন্তু এই মহান পেশাকে কিছু মানুষ করছে কলুষিত। চিকিত্সা ব্যবস্থাকে মানুষের কাছে করছে প্রশ্নবিদ্ধ। যারা চিকিত্সানামক মহান বিষয়কে নিয়ে করছে অসাধু বাণিজ্য তাদেরকে অবশ্যই জবাবদিহির মধ্যে আনতে হবে।

n লেখক :শিক্ষার্থী, এমসি কলেজ, সিলেট