কোরবানির পশুর সঙ্গেও প্রতারণা নির্মমতা

আপডেট : ২২ জুলাই ২০২০, ০০:১০

কোরবানির হাটে তোলার আগে পশুর পেটে পানিয়ে ঢুকিয়ে মোটা করার অপরাধে গাজীপুরের কাপাসিয়ায় এক বেপারীকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইসমত আরা হাতেনাতে ধরার পর এক ব্যাপারীকে এ জরিমানা করেন। 

দণ্ডিত ব্যাপারীর নাম মো. বাশার (৪৮)। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাজিতপুর গ্রামের আবদুল আহাদের ছেলে।

ইউএনও জানান, পশুকে অত্যন্ত নিষ্ঠুর প্রক্রিয়ায় মোটা দেখানোর জন্য পেটে পানি ঢুকানো (পানি খাওয়ানো) হয়। প্রথমে গাছের সঙ্গে পশুটিকে (গরু বা মহিষের) মাথা ওপরের দিকে উঁচিয়ে দড়ি দিয়ে ঘাড় বেঁধে গলায় পাইপ ঢুকিয়ে দেওয়া হয়। পরে সেই পাইপ দিয়ে পশুর পেটে পানি ঢেলে টইটম্বুর করা হয়। এতে পেট অতিরিক্ত পানি প্রবেশ করে বড় হয়ে যায়, ফলে গরু বা মহিষটিকেও মোটাতাজা দেখায়। আমাদের কাছে খবর ছিল কোরবানির পশুর হাটে উঠানোর আগে কিছু অসাধু ব্যাপারী বেশি মুনাফার জন্য পশুর সঙ্গে এমন নিষ্ঠুর আচরণই করে আসছিল।

অভিযানে ঘটনাস্থলে ১৩টি মহিষকে ওই প্রক্রিয়ায় পেটে পানি ঢালতে দেখে একজন ব্যাপারীকে হাতেনাতে ধরা হয়। এটা ভোক্তাকে ফাঁকি দেওয়ার অপরাধ। এসময় অভিযান টের পেয়ে একই প্রতারণায় যুক্ত অন্য ব্যাপারীরা পালিয়ে গেছে। 

ইত্তেফাক/এসি