দেশি মাছের আকাল বলে বাজারটা বেশ তেজি,
আড়াই শয়ের দামটা শুনি খোঁজ রাখি না কেজি।
পাইনে যেমন আগের মতো খাঁটি দুধের দই,
তেমনি এখন হারিয়ে গেছে বিল-বাওড়ের কই।
কই জন্মে ফার্মগুলোতে নাদুস নুদুস বেশ,
কুখাদ্যতে বাড়ছে তারা হয় পরিবেশ শেষ।
কইয়ের তেলে কই ভাজা আর হয় না এখন বুঝি,
অপেক্ষাতে যতই কাটাই বৃথাই সেদিন খুঁজি।
কালচে বরণ কইয়ের গুণে তেল চপচপ হাত,
জড়িয়ে ধরা কাঁসার থালার চিকন চালের ভাত।
বিলগুলোকে বানিয়ে পুকুর হচ্ছে মাছের চাষ,
স্বাদ হারা তাও খাচ্ছে মানুষ গিলছে যেন ঘাস।
খাল-নদীতে বাঁধ দিয়ে সব তৈরি করে ঘর,
অগাধ পানির জায়গা এখন শুধুই বিরান চর।
যায় না পাওয়া সে কই এখন গল্প কেবল শুনি,
মনের মাঝে ফেলে আসা দিনগুলোকে বুনি।
