ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো কয়েক দিন আগেই জানতে পেরেছেন তিনি করোনা পজিটিভ। অসুস্থ প্রেসিডেন্টের চিকিত্সা চলছে। তবে এর মধ্যেই তিনি ভক্তদের সঙ্গে সাক্ষাত্ করে খবরের শিরোনাম হয়েছেন। সরকারি আবাসনের সামনে হাজির হয়েছিলেন প্রেসিডেন্টের সমর্থকেরা। তাদের হতাশ করেননি তিনি। সমর্থকদের সঙ্গে দেখা করতে নেমে আসেন নিচে। দুই পক্ষের মধ্যে ব্যবধান হয়েছিল ছোট একটি পরিখা। অন্য ভক্তরা নেতাকে দূর থেকে দেখেই খুশি ছিলেন, কিন্তু দুই অন্ধ সমর্থক ঐ পানির পরিখা সাঁতরে পৌঁছে যান প্রেসিডেন্টের কাছে।
নিজের অবস্থা সম্পর্কে প্রেসিডেন্ট সমর্থকদের জানান, হাইড্রোক্সিক্লোরোকুইনের জোরে নাকি দিব্যি সুস্থ আছেন তিনি। বোলসোনারো বলেন, ‘আমায় দেখুন। এই ওষুধ কাজের কি না, তার জীবন্ত উদাহরণ এই আমি।’
ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা হুহু করে বাড়লেও বোলসোনারো বরাবরের মতোই নির্বিকার। বরং তার দুশ্চিন্তা অর্থনীতি নিয়ে। তিনি বলেন, চাকরি নেই, বেতন নেই, লকডাউনের জন্যই তো মানুষ মারা যাবে। তার বক্তব্য, কিছু রাজনৈতিক নেতা জোর করে কারফিউ জারি করে অর্থনীতির শ্বাস রোধ করছেন।—আনন্দবাজার
