ভোলায় হঠাৎ ঝড়ের তাণ্ডবে বসত ঘর চাপা পরে রিংকু বেগম (৩০) নামে এক মা ও জুনায়েদ হোসেন (৫) এবং তানজীদ (৩) নামে তার দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। নিহতরা ওই এলাকার মোঃ হানিফের স্ত্রী ও দুই ছেলে।
মঙ্গলবার গভীর রাতে চর মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর আইচা গ্রামে এ ঘটনা ঘটে।
চর মানিকা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ আব্দুল মন্নান জানান, রিংকু বেগমের স্বামী মোঃ হানিফ ঢালচর এলাকায় ব্যবসা করেন। তাদের পরিবারের সবাই দীর্ঘ দিন ঢাল চরে বসবাস করতো। গত ৫/৬ মাস আগে তারা একই এলাকায় জমি ক্রয় করে টিন সেটের একটি পাটাতনের ঘর নির্মাণ করে। সেখানে হানিফের স্ত্রী ও তার দুই সন্তান নিয়মিত থাকতো।
তিনি আরও জানান, মঙ্গলবার রাতে রিংকু বেগম তার দুই সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলো। হঠাৎ ঝড়ে তাদের ঘর বিধ্বস্ত হয়ে ঘরের চাপা পরে ঘটনাস্থলেই মা ও দুই ছেলের মৃত্যু হয়েছে।
চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন বলেন,খবর পেয়ে আমরা সকালে ঘটনাস্থল পরিদর্শন করছি। নিহতদের দাফন-কাফনের জন্য আমরা সরকারিভাবে প্রাথমিক পর্যায়ে কিছু টাকা দেওয়া হবে। পরবর্তীতে তাদের আরও সহযোগিতা করা হবে।
ইত্তেফাক/এমআরএম
