প্রকাশ হলো কবির সুুমনের কথা ও সুরে আসিফের প্রথম গান

আপডেট : ২২ জুলাই ২০২০, ১৯:৩৭

বিনোদন রিপোর্ট

 

কবির সুমনের শুধু কলকাতার নয়, বাংলাদেশেও তার জনপ্রিয়তার কমতি নেই। তার গানের কথা ও সুর সবসময় আলোড়িত করেছে শ্রোতাদের। এবার এই প্রিয় শিল্পীর কথা ও সুরে গাইলেন এদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ‘সিরিয়ার ছেলে’ শিরোনামে গানটির সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘শ্রদ্ধেয় কবীর সুমনের সঙ্গে গান করাটা আনন্দ ও সম্মানের বিষয়। সিরিয়ার সেই শিশুটি যে বলেছিল আল্লাহর কাছে বিচার দেবে, তাকে নিয়ে এই গানটি। অদ্ভুত আবেগপূর্ণ গানটি আশা করি সবার ভালো লাগবে।’ আসিফের গায়কী শুনে মুগ্ধ হয়েছেন কবীর সুমন। কয়েকদিন আগে তিনি বলেছেন, ‘আমার জীবন সায়াহ্নে, এই বায়াত্তরে চলমান জীবনে এ এক নতুন বর্ণময় অভিজ্ঞতা। আরো দুটি গান পাঠিয়ে দিয়েছি শিল্পীকে। তিনি শিখে নিচ্ছেন। এত মন দিয়ে, যত্ন করে শিখে নিচ্ছেন, যন্ত্রীরাও এত যত্ন নিয়ে বুঝে নিচ্ছেন আমার রচনার সঙ্গে কী বাজাতে হবে এবং কীভাবে,  কী বলবো। জীবনের এই সাঁঝবেলা পেরিয়ে ভারি মনোরম অভিজ্ঞতা। আসিফ আকবরের শিষ্টাচারও স্মরণীয়।’