অ জে য় চৌ ধু রী
আসছে ঈদের জন্য নাট্যনির্মাতা মাহমুদুর রহমান হিমি প্রথমবারের মতো দর্শকপ্রিয় অভিনেতা মনোজ প্রামাণিককে নিয়ে একটি নাটক নির্মাণ করেছেন। নাটকের নাম ‘হ্যালো জিনিয়াস’। নাটকটি রচনা করেছেন মুরাদ আহমেদ। নাটকে মনোজের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। এরইমধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মনোজ প্রামাণিক বলেন, নাটকটির গল্প খুব চমত্কার। যে কারণে কাজটি করতে বেশ ভালো লেগেছে। হিমি ভাইয়ের নির্দেশনায় এবারই প্রথম আমার কাজ করা। বেশ গুছিয়ে, অনেক যত্ন নিয়ে তিনি কাজটি করেছেন। সবচেয়ে বড় কথা কাজটি করার ক্ষেত্রে তিনি আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, যে কারণে আশা করছি কাজটি অনেক ভালো হয়েছে। আর টয়ার সঙ্গে এর আগেও বেশ কিছু ভালো ভালো গল্পের নাটকে কাজ করেছি। আশা করছি এই নাটকেরও আমাদের দু’জনের অভিনয় ভালো লাগবে দর্শকের।
আর টয়া বলেন, মনোজের সঙ্গে এক বছর পর এবং হিমির নির্দেশনায় দু’বছর পর কাজ করলাম। খুব ভালো একটি কাজ হয়েছে।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা মাহমুদুর রহমান হিমি বলেন, এর আগে টয়াকে নিয়ে ‘সাদা কালো’ নামের একটি নাটক করেছিলাম। সেই নাটকের পর ‘হ্যালো জিনিয়াস’ নাটকে তাকে নিয়ে কাজ করা। টয়া অভিনয়ে আগের চেয়ে আরো অনেক বেশি সিরিয়াস হয়ে ওঠেছেন। তার অভিনয়ও এখন আগের চেয়ে অনেক বেশি ম্যাচিউরড। একজন নির্মাতা হিসেবে তাকে নিয়ে কাজ করে আমি খুবই সন্তুষ্ট। আর মনোজকে নিয়ে এবারই আমার প্রথম কাজ। তিনিও তার সর্বোচ্চটুকু দিয়েই অভিনয় করেছেন। যে কারণে তাকে নিয়ে প্রথম কাজে আমি দারুণ খুশী। নির্মাতা হিসেবে অনেক বেশি আশাবাদী এই নাটকের কাজ নিয়ে। ‘হ্যালো জিনিয়াস’ নাটকটি আসছে ঈদে আরটিভিতে প্রচার হবে। মনোজ প্রমাণিক এবং টয়া প্রথম নিয়াজ কামরান আবিরের নির্দেশায় ‘অ্যাকশানা আওয়ার’ ধারাবাহিকে প্রথম অভিনয় করেন। তাদের অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে সোহেল আরমানের ‘হূদয় আছে যার’, খায়রুল পাপনের ‘কান পেতে রই’। এবারের ঈদে মনোজকে মাহমুদ দিদার, সত্যজিত্ রায়, হাসান রেজাউল, শেখ সেলিম সহ আরো অনেকের নাটকে দেখা যাবে। অন্যদিকে টয়াকে সরদার রোকন, মাবরুর রশীদ বান্নাহ, তপু খান, ফুয়াদ, হাবিব শাকীল, রাকিব, মেহেদী, হিমু আকরাম সহ আরো অনেকের নাটকে দেখা যাবে।
