টিপু আলম মিলনের গল্পে ঈদে ৮ নাটক

আপডেট : ২২ জুলাই ২০২০, ২০:৩৭

 

আসছে ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচারিতব্য ১৪টি নাটকের মধ্যে ৮টি নাটকেরই গল্প লিখেছেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। এর মধ্যে ৩টি একক ও ৫টি ধারাবাহিক। একক নাটক তিনটি হলো— আল হাজেন পরিচালিত ‘ছোট ভাই’, মারুফ মিঠু পরিচালিত ‘বেবী লাভ’ এবং মজিবুল হক খোকন পরিচালিত ‘ডার্লিং পয়েন্ট’। ৫টি ধারাবাহিকের মধ্যে দুটি নাটক পরিচালনা করেছেন আল হাজেন। নাটক দুটি হলো—‘শিয়াল বাড়ি’ ও গত ঈদুল আজহায় ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘জামাই বাজার’ নাটকের সিক্যুয়েল ‘জামাই বাজার-২’। এছাড়াও নির্মাতা ফরিদুল হাসানের পরিচালনায় ‘সুন্দরী বাঈদানী’, হানিফ খান ও আহমেদ রোহান খান রুবেলের যৌথ পরিচালনায় ‘বুড়া জামাই’ এবং আকাশ রঞ্জনের পরিচালনায় ‘ধান্দা বাবা’। নিজের লেখা নাটক প্রসঙ্গে টিপু আলম মিলন বলেন, আমাদের সমাজে ঘটে যাওয়া নানান ঘটনা আর আশপাশের মানুষের জীবনের গল্প নিয়েই নাটকের কাহিনি আবর্তিত। হাস্যরসে ভরপুর এ নাটকগুলো করোনাকালে দুঃশ্চিন্তাগ্রস্থ মানুষকে কিছুটা বিনোদন দিবে বলে আমার বিশ্বাস। তাছাড়া বৈশাখী টেলিভিশনের মূল লক্ষ্যই হচ্ছে দর্শকদের বিনোদন দেওয়া। কতটুকু পেরেছি সে বিচারের ভার দর্শকদের, যাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমাদের এগিয়ে চলা। সবশেষে বলব, ঈদে বৈশাখী টেলিভিশন দেখুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।