ই ম রু ল নূ র
মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও সপ্রতিভ পুনম হাসান জুঁই। বিজ্ঞাপনে হাজির হয়েও নজর কেড়েছেন বহু দর্শকের। সর্বশেষ কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও বলিউডের আদনান সামীর ‘চোখের আড়ালে’ শিরোনামে গানের মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল তাকে। এরপর প্রায় তিনমাস ঘরবন্দি সময় কাটিয়ে সম্প্রতি কাজে ফিরেছেন তিনি।
এরইমধ্যে শেষ করেছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ। উপকূলীয় অঞ্চলে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যেসব স্বেচ্ছাসেবক কাজ করেন তাদের কর্মকান্ডকে ঘিরে এ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের জন্য। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর স্বেচ্ছাসেবকের ভূমিকায় অভিনয় করেছেন ‘নূরজাহান’ খ্যাত এই অভিনেত্রী। তার সঙ্গে জুটি বেঁধেছেন ‘গহীন বালুরচর’ সিনেমাখ্যাত আবু হুরায়রা তানভীর। সুমন মজুমদারের রচনায় এটি পরিচালনা করেছেন রাশেদ শামীম স্যাম। এতে অভিনয় প্রসঙ্গে পুনম হাসান জুঁই বলেন, এ কাজটির মধ্য দিয়ে অনেকদিন পর শুটিংয়ে ফিরেছি। করোনা পরিস্থিতি মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনেই কাজটি শেষ করেছি। চলচ্চিত্রের গল্পটি অসাধারণ। এটি আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের জন্য নির্মিত হওয়ায় আরও বেশি ভালোলাগা কাজ করছে। এদিকে তার হাতেও রয়েছে বেশ কিছু নতুন কাজ। সম্প্রতি অংশ নেবেন বেশ কিছু বিজ্ঞাপন ও ওয়েব সিরিজে। তিনি বলেন, চলতি সপ্তাহে বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে। আর ওয়েব সিরিজে কাজের বিষয়ে আমি বেশ সচেতন। এরইমধ্যে অনেকগুলো ওয়েব সিরিজে কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু বেশিরভাগই ফিরিয়ে দিয়েছি। কারণ এইটিন প্লাসের কোনো দৃশ্য আমাকে দিয়ে হবে না। এখন ওয়েব সিরিজে এরকম কিছু থাকছেই। আর এরকম কিছুতে আমি কখনোই স্বাচ্ছন্দ্যবোধ করি না। তাহলে অনেক কাজই করতে পারতাম। অতিরঞ্জিত কিছুই করতে চাই না।
নাটক, বিজ্ঞাপন বা ওয়েব—যেটাই বলি না কেন; আমি শুধু আমার কাজটা করে যেতে চাই। যেরকম কাজ দর্শক মনে জায়গা করে দিতে পারে সেরকম কিছুর জন্যই আমি সবসময় মুখিয়ে থাকি। আর সেজন্যই খুব বেশি কাজে দেখা যায় না আমাকে। ওরকম পছন্দমত কাজ পেলেই করার চেষ্টা করি। যে কোনো ধরনের কাজ করে হুট করে অনেক কিছু হয়ে যেতে চাই না। অনেকের মতো আমার এত তাড়াহুড়ো নেই, ধীর গতিতে এগিয়ে যেতে চাই। আমার কাজের সংখ্যা কম হোক; কিন্তু সেটা যেন ভালো হয়; আর সেটা দেখে দর্শক যেন সবসময় ভালোটাই বলে; আমার চাওয়া সেটাই।
সিনেমার প্রস্তুতি সম্পর্কে জুঁই বলেন, সত্যি বলতে আমি সিনেমার জন্য এখনই প্রস্তুত নই। কয়েকটা সিনেমার প্রস্তাব পেয়েছি; কিন্তু নিজেকে সেগুলোর জন্য প্রস্তুত মনে করছি না বলেই ফিরিয়ে দিয়েছি। দেখি সামনে কি হয়!
প্রসঙ্গত, ২০০৯ সালে মুঠোফোনের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে শোবিজে পা রাখেন মিষ্টি হাসির এই অভিনেত্রী। এরপর বাংলালিংক ও ওয়ালটনসহ বিভিন্ন পণ্যের মডেল হয়েছেন। তার প্রথম ধারাবাহিক ছিল কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস ‘নূরজাহান’ অবলম্বনে নির্মিত ‘নূরজাহান’। এতে নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন। তার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে—‘ওরা থাকে ওধারে’, ‘মনে রেখো মিথ্যা’, ‘উজান গাঙের নাইয়া’, ‘৭১-এর পুতুল’, ‘জমজ টু’, ‘বিন্দু বিসর্গ’, ‘লাভ স্টোরি পার্ট টু’, ‘নিবেদিতা’ ও ‘না সজনী’।
