গেলো ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের উত্পাদন খাতের প্রবৃদ্ধির গতি দুই বছরের মধ্যে সর্বনিম্ন লক্ষ্য করা গেছে। রয়টার্সের সংবাদ অনুযায়ী চীনের সাথে বাণিজ্য যুদ্ধের প্রভাবে এমনটি হয়েছে। কারখানার ক্রয় আদেশ কমে যাওয়ার পাশাপাশি কারখানাগুলোতে নিয়োগ কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ডিসেম্বরে ৩ লাখ ১২ হাজার কর্মসংস্থান হয়েছে দেশটিতে। বেকারত্বের হার বর্তমানে সর্বনিম্ন ৩ দশমিক ৯ শতাংশে রয়েছে। গত মাসে দেশটির কারখানা উত্পাদন সূচক ৫ দশমিক ২০ পয়েন্ট হ্রাস পেয়ে ৫৪ দশমিক ১০ পয়েন্টে দাঁড়িয়েছে।
উত্পাদন খাতে ২০০৮ সালের অক্টোবরের পর এটি হচ্ছে সবচেয়ে শ্লথগতি। বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে চলমান এ সংকটে বাণিজ্য বিঘ্নিত হচ্ছে এবং বৈশ্বিক অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়ছে। যুক্তরাষ্ট্রের কারখানা উত্পাদন যেমন হ্রাস পেয়েছে, তেমনই দুই বছরের মধ্যে চীনের উত্পাদন খাতও সংকুচিত হয়েছে।
