ইত্তেফাক রিপোর্ট
রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকায় পয়:নিষ্কাষন ব্যবস্থার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার বড় প্রকল্প নিচ্ছে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। এতে ৩০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশী মূদ্রায় এর পরিমাণ প্রায় আড়াই হাজার কোটি টাকা টাকা। প্রকল্প ব্যয়ের ৯১ শতাংশ অর্থ দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে সংস্থাটি।
ঢাকা ওয়াসা সূত্র জানায়, প্রকল্পটির আওতায় ঢাকার অদুরে পাগলা ক্যাচমেন্ট নেটওয়ার্ক স্থাপন করা হবে। পুননির্মাণ করা হবে মধুবাগ পাগলা স্যুয়োরেজ লাইন। পাগলা ময়লা পানি পরিশোধন কেন্দ্র নির্মাণ ও পরিচালণা করা হবে প্রকল্পটির আওতায়। দেশে স্যানিটেশন ব্যবস্থায় একাধিক সংস্থা কাজ করছে। ফলে অনেক কাজে দ্বৈততা রয়েছে। স্যানিটেশন খাতে স্থানীয় সরকার বিভাগ (এলজিডি), ওয়াসাসহ সিটি কর্পোরেশন কাজ করছে। এর ফলে ড্রেনেজ ও ময়লা ব্যবস্থাপনায় সিটি করপোরেশনের সঙ্গে ঢাকা ওয়াসার কাজের কিছুটা দ্বেততা রয়েছে। তা ছাড়া কিছু বেসরকারি উন্নয়ন সংস্থাও (এনজিও) এ বিষয়ে কাজ করছে। এ অবস্থায় স্যানিটেশন ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতেও কাজ করবে বিশ্বব্যাংক।
