মেলা শুরু ৯ জানুয়ারি
ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর শেরেবাংলা নগরে আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইতোমধ্যে বাণিজ্য মেলার নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ। পুলিশের নিয়মিত ফোর্স ছাড়াও সাদা পোশাকে একাধিক গোয়েন্দা সদস্য নিরাপত্তায় সার্বিক নজরদারি রাখবে বাণিজ্য মেলায়। বিশৃঙ্খলা, চাঁদাবাজি, ছিনতাইসহ যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে আর্চওয়ে গেট দিয়ে তল্লাশির মাধ্যমে মেলায় দর্শনার্থীদের প্রবেশ করার ব্যবস্থা রাখা হবে। গতকাল ডিএমপি সদর দফতরে ২৪তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কিত বৈঠকে এসব তথ্য জানিয়েছে ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া।
বাণিজ্য মেলায় নিরাপত্তা সম্পর্কে কমিশনার বলেন, নিরাপত্তার স্বার্থে মেলা প্রাঙ্গণে কোনো হকার ও ভিক্ষুক থাকবে না। অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রতিটি স্টলে অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতে হবে। পুলিশ কন্ট্রোল রুমের পাশে স্থাপন করা হবে লস্ট এন্ড ফাউন্ড সেন্টার। দর্শনার্থীদের প্রবেশের পূর্বে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করতে হবে। দর্শনার্থীদের অবশ্যই আর্চওয়ে দিয়ে প্রবেশ করতে হবে। সিসি ক্যামেরা দিয়ে সমগ্র মেলা এলাকা ও তার আশপাশ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। ইভটিজিং রোধে থাকবে পুলিশের বিশেষ টিম। মেলার অভ্যন্তরে সুবিধাজনক স্থানে ৪টি হেল্প ডেস্ক স্থাপন করা হবে। মেলার অভ্যন্তরে থাকবে প্রাথমিক চিকিত্সা ব্যবস্থা। মেলা প্রাঙ্গণে মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
সভায় ডিএমপি কমিশনার বলেন, এবারের বাণিজ্য মেলায় ফুড কোর্টে মূল্য তালিকা প্রদর্শন থাকতে হবে। যদি কোনো স্টলে মূল্য তালিকা না পাওয়া যায় তাহলে মেলা কর্তৃপক্ষকে নিয়ে পুলিশ সেই স্টল বন্ধ করে দিবে। উল্লেখ্য, ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ৯ জানুয়ারি উদ্বোধন হয়ে চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
