ট্রাফিক আইন লঙ্ঘনে মামলা ১৯ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২২:২৪

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্য করায় বিভিন্ন যানবাহন ও চালকের বিরুদ্ধে ৪ হাজার ২৭১টি মামলা ও ১৯ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। গত শুক্রবার সকাল থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্র জানায়, মামলা ও জরিমানা ছাড়াও এ অভিযানকালে ২৪টি গাড়ি ডাম্পিং ও ৪৯৭টি গাড়ি রেকার করা হয়েছে। এর বাইরে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৭৬৪টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৮০টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৮টি, বিভিন্ন স্টিকার ব্যবহার করার জন্য ২টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৮টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক বিভাগ।

ট্রাফিক সূত্রে আরও জানা যায়, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৭৫৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৫৬টি মোটরসাইকেল আটক করা হয়। সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ২৬টি মামলা দেওয়া হয়।