চট্টগ্রামে টানা বৃষ্টিপাতে রাস্তাঘাটের বেহাল দশা

আপডেট : ২২ জুলাই ২০২০, ২২:৫৯

চট্টগ্রামে গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে নগরীর রাস্তাঘাটের বেহাল দশা হয়েছে। ছোট-বড় প্রায় সব সড়কেই সৃষ্টি হয়েছে খানাখন্দ। কোথাও কোথাও সড়কের মধ্যে পুকুর সমান গর্তের সৃষ্টি হয়েছে। বেশ কিছু সড়কে ইট ও বিটুমিন উঠে গেছে। ভাঙাচোরা সড়কে যানবাহন চলতে গিয়ে দুর্ঘটনা ঘটছে। গত মঙ্গলবার আগ্রাবাদ এলাকায় দুটি কিশোরী জলমগ্ন রাস্তায় হাঁটার সময় নালার পানিতে পড়ে মারা গেছে। এ ছাড়া রাস্তায় খানাখন্দে পড়ে যানবাহন উলটে যাওয়ার ঘটনাও অহরহ ঘটছে। সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ১৯ মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে ১ থেকে দেড় ঘণ্টা। এসব কারণে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে নগরবাসীকে।

ভারী বৃষ্টিপাতে বহদ্দারহাটে ফ্লাইওভারের অনেক স্থানে সড়কের কার্পেটিং উঠে গেছে। নগরীর ব্যস্ততম মেহেদিবাগ সড়কে সিডিএ কলোনির সামনের বিশাল অংশ ধসে পাশের নালায় গিয়ে পড়েছে। সড়কটি জরুরিভাবে মেরামতের কাজ শুরু করা হয়েছে বলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াসউদ্দিন ইত্তেফাককে জানান। অন্যদিকে ভারী যানবাহন চলাচলের কারণে সদরঘাট স্ট্যান্ড রোডটি দীর্ঘদিন ধরে যান চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। কদমতলী থেকে আগ্রাবাদ বারেক বিল্ডিং পর্যন্ত ব্যস্ত সড়কটিরও বেহাল দশা। এছাড়া বাকলিয়া ডিসি রোড, চকবাজারে কলেজ রোডসহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে ইট, সুরকি উঠে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় দুর্ভোগ বেড়েছে। নিম্নমানের কাঁচামাল দিয়ে সড়ক সংস্কার, ঠিকাদার ও জনপ্রতিনিধিদের গাফিলতির কারণে এ অবস্থার সৃষ্টি হচ্ছে বলে এলাকাবাসী  অভিযোগ করেছেন।

অন্যদিকে, ওয়াসার পাইপলাইন বসানোর কাজ চলমান থাকায়                বহদ্দারহাট মোড়ের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। সারাবছর ওয়াসা, কর্ণফুলি গ্যাসসহ বিভিন্ন সংস্থার খোঁড়াখুড়ি লেগেই রয়েছে। যার কারণে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জলজট সৃষ্টি হয়। সিটি করপোরেশন একই রাস্তা দফায় দফায় মেরামত করছে । চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ ইত্তেফাককে বলেন, বৃষ্টিপাতের কারণে শহরের রাস্তাগুলো কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষা মৌসুম পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আমরা বড় ধরনের মেরামত কাজে হাত দিতে পারবো না। ইট, বালু বিছিয়ে রাস্তাগুলো কোনোমতে যানবাহন চলাচলের উপযোগী করে রাখবো। বর্ষা শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে রাস্তাগুলো পূর্ণাঙ্গ মেরামতের কাজ শুরু করব।