বজ্রপাতে ছাত্রের মৃত্যু, মাঠ থেকে ঝলসানো লাশ উদ্ধার 

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০০:২৭

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রামের মাঠে বজ্রপাতে কলেজ ছাত্র জাশিদুল ইসলাম (২৫) এর মৃত্যু হয়েছে। 

বুধবার (২২ জুলাই) সকালে আরামডাঙ্গা গ্রামের শিতল চরা মাঠ থেকে তার ঝলসানো মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। মৃত জাশিদুল ইসলাম আরামডাঙ্গা গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে ও দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানায়, জাশিদুল মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় বৃষ্টির সময় গ্রামের পার্শ্ববর্তী শিতল চারা মাঠের বিলে মাছ ধরতে যায়। এরপর সে বাড়ী না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। তার কোন সন্ধান না পেয়ে ঐ রাতেই দামুড়হুদার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে জানালে ফাঁড়ি পুলিশ গ্রামের বিভিন্ন মাঠে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। বুধবার সকালে স্থানীয়রা মাঠে কৃষি কাজ করতে গিয়ে শিতলচরা মাঠের বিলের ধারে জাশিদুলের ঝলসানো মরদেহ দেখে গ্রামে খবর দিলে তারা মরদেহ বাড়ীতে নিয়ে আসে।

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই মেজবাহুর বলেন, মঙ্গলবার রাত থেকে জাশিদুলের সন্ধান পাচ্ছিলো না তার পরিবার। বিষয়টি আমাদেরকে জানালে আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাইনি। পরদিন সকালে আরামডাঙ্গা গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।


ইত্তেফাক/এমএএম