ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর ভাটারা থেকে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মিনা আক্তার। গতকাল শনিবার ভোর ৩টার দিকে ভাটারা সোলমাইদ পূর্বপাড়ার একটি বাসার তৃতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত মিনা ভাটারা থানার এএসআই সোহেল রানা’র স্ত্রী। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে মিনা আত্মহত্যা করেছেন।
ভাটারা থানার এসআই আল-ইমাম রাজন জানান, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে মিনা আত্মহত্যা করেন। খবর পেয়ে গতকাল শনিবার ভোরে পুলিশ ওই বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের মামা রফিকুল ইসলাম আকন্দ জানান, তার জানা মতে মিনার পরিবারে সাংসারিক কোনো বিরোধ ছিল না। নিহতের বাড়ি টাঙ্গাইলস্থ ঘাটাইল থানার খান নাগরা গ্রামে। স্বামী এবং দুই বছরের এক পুত্র সন্তানকে নিয়ে তিনি ভাড়া থাকতেন। ভাটারা থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, এ ঘটনায় মিনার মা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে। মিনা কেন আত্মহত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কারণ, তার আত্মহত্যার পর স্বজনরা খুবই মর্মাহত অবস্থায় আছে। এই অবস্থায় কাউকেই এখনও ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
