চলমান সহিংসতা ঠেকাতে যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে মার্কিন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য বাড়ানোর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউজে ট্রাম্প সাংবাদিকদের এই ঘোষণা দেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকান দল সমর্থিত ট্রাম্প শিকাগোসহ আরো দুটি শহরে সহিংসতা ঠেকাতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছন। ওই শহরগুলো ট্রাম্পের বিরোধী ডেমোক্র্যাট দল নিয়ন্ত্রিত বলে জানা গেছে।
এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্তে স্থানীয় কর্মকর্তাদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে । কারণ যুক্তরাষ্ট্রের ওরেগনের বৃহত্তম শহর পোর্টল্যান্ডে সহিংসতা থামাতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য নামানোর পর তাদের কার্যকলাপ নিয়ে বিতর্ক শুরু হয়।
আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ বলে দাবি করছেন বিশ্লেষকরা।
মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে গত ২৫ মে পুলিশ হেফাজতে মারা যান আফ্রিকান আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েড। তার এমন মৃত্যুতে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র হয়ে ওঠা বর্ণবাদবিরোধী ও পুলিশি নিপীড়নবিরোধী আন্দোলন এখনো চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন শহরে মোতায়েন কেন্দ্রীয় নিরাপত্তা সদস্যদের কার্যক্রমও অব্যাহত আছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ফিলাড্যালফিয়া, লস এঞ্জেলেস, শিকাগো এবং
মিলওয়াকিতে উল্লেখযোগ্যহারে বন্দুক যুদ্ধের ঘটনা সম্প্রতি সময়ে বেড়ে গেছে।
ইত্তেফাক/এআর
