গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ চিকিৎসক সহ ৩৪ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪২ জনে।
গত ২৪ ঘণ্টায় ২৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২১ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৯৫ জন । গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ২৫ জন। মুকসুদপুরে আত্মহত্যা করেছে ১ করোনা রোগী।
গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেলা থেকে করোনা পরীক্ষা করার জন্য ৯০ জনের নমুনা সংগ্রহ করে ফরিদপুরে পাঠানো হয়েছিলো। এর মধ্যে নতুন করে ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।
তিনি আরও জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ১০ জন, টুঙ্গিপাড়ায় ৫ জন, কোটালীপাড়ায় ১১ জন, কাশিয়ানীতে ৫ জন ও মুকসুদপুরে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন । সিভিল সার্জন জানান, আক্রান্তদের বসতবাড়ি সহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
তিনি আরও জানান, এ পর্যন্ত ৬ হাজার ৯২০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদরে ৪২৫ জন, টুঙ্গিপাড়ায় ২২২ জন, কোটালীপাড়া উপজেলায় ২১৩ জন, কাশিয়ানীতে ২৩৯ জন ও মুকসুদপুরে ২৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক , নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ১০৩ জন।
ইত্তেফাক/এমআরএম
