বংশালে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু, বাবা-মাসহ দগ্ধ ৩

আপডেট : ২৩ জুলাই ২০২০, ১২:০৪

রাজধানীর পুরান ঢাকার বংশালের কসাইটুলি এলাকায় একটি বাসায় ঘটা অগ্নিকাণ্ডে মইনুর (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরেক শিশু সন্তানসহ বাবা-মাকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হচ্ছেন, সন্তান জান্নাত (৪), শিশুদের বাবা মো. জাবেদ (৩৫) ও মা শিউলি আক্তার (২৫)।

বৃহস্পতিবার সকালে ঘটা এ অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে এক শিশু সন্তানসহ তিন জন ভর্তি হয়েছেন। তাদের এক সন্তান ঘটনাস্থলে মারা গেছে।
 
এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানিয়েছেন, হাসপাতালে ভর্তি শিশুটির শরীরের ৬০ শতাংশ, তার মায়ের ১৭ শতাংশ ও বাবার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সকলেরই ইনহিলেশন বার্ন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ জাবেদের ফুপু শিউলি বেগম জানিয়েছেন, বংশালের কসাইটুলীর ওই ভবনের নিচতলার বাসায় ভোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আমরা সংবাদ শুনে এসেছি। তারা নাকি ঘুমিয়ে ছিল।

তিনি আরও বলেন, আগুনে তাদের এক সন্তান ঘটনাস্থলেই মারা যায়। আরেক সন্তানসহ বার্নে ভর্তি রয়েছে। কিভাবে আগুন লেগেছে তা জানতে পারিনি। ধারনা করা হচ্ছে গ্যাসের থেকে আগুন লেগেছে।

অগ্নিকাণ্ডে দগ্ধদের গ্রামের বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইফিতা গ্রামে। জাবেদ ব্যাগের ব্যবসা করতো।

ইত্তেফাক/জেডএইচডি