আলমডাঙ্গায় করোনা উপসর্গে আরও একজনের মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৩:০৬

আলমডাঙ্গায় একদিনের মাথায় আরও একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। বুধবার দিবাগত রাত ১২ টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত মকবুল হোসেন (৮০) কলেজপাড়ার মৃত এনাম আলীর ছেলে ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলম হোসেনের পিতা। শহরের প্রসিদ্ধ ‘মকবুল ক্লথ স্টোর‘র সত্ত্বাধিকারী ছিলেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাদি জিয়াউদ্দিন আহমেদ বলেন, মকবুল হোসেনের জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ ছিল। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি জানান, এ নিয়ে আলমডাঙ্গায় করোনা উপসর্গে মারা গেলেন চারজন। করোনাভাইরাসে মারা গেছেন একজন। মোট আক্রান্তের সংখ্যা ১০৫ জন।

জানা গেছে, মকবুল হোসেন কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। এরমধ্যে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। অবস্থা খারাপের দিকে গেলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি বুধবার দিবাগত রাত ১২ টার দিকে মারা যান।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে সরকারি নিয়মানুযায়ী জানাজা শেষে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে দাফন করা হয়। এ সময় জানাজায় অংশ নেন পৌরসভার মেয়র হাসান কাদির গনু, আলম হোসেনসহ পরিবারের সদস্যবৃন্দ।

ইত্তেফাক/এমআরএম