ছেলেটা খুব বুদ্ধিমান আর কথাবার্তায় পটু
কিন্তু ভুলেও কয় না কথা কটু,
সেদিন বলে—অবাক হবেন শুনলে এটা জানি
গোসল করতে আমার লাগে পুরো এক গ্লাস পানি।
বললো সবাই—এক গ্লাস পানি? বলো তো কীভাবে?
একটু হেসে বললো সে জবাবে—
আমি প্রথম এক গ্লাস পানি খাই
তারপর সোজা গোসলখানায় যাই
শাওয়ার ছেড়ে গা’টা ভেজাই এবং সাবান মাখি
আবার শাওয়ার পুরো ছেড়ে গোসল করে থাকি।
সবাই যখন চোখ পাকিয়ে তার দিকে তাকালো
বললো তখন—স্নানের আগে পানি খাওয়া ভালো,
সবাই কেন এমন করে রয়েছে তাকিয়ে
বলিনি তো গোসল করি এক গ্লাস পানি দিয়ে।
