লেখা ছাপার জন্য আমি যাই হয়ে যাই পাগল
পত্রিকাতে কেন আমার হয় না লেখা ছাপা?
ছাপা হলেই হয় না লেখা আমি তো এক ছাগল
ছাপা হলেই ফেসবুকে দেই মারতে থাকি চাপা।
নিজকে ভাবি উচ্চ আমি। আর সকলই তুচ্ছ।
চালচলনে নায়ক নায়ক—পোশাক যেন জোকার
জোকার হয়ে ঘুরে বেড়াই কাকের ময়ূরপুচ্ছ।
নিজকে আমি চালাক ভাবি আসলে খুব বোকা।
আমি ভীষণ অন্যরকম করি প্রায়শ্চিত্ত
সকলখানে খুঁজে বেড়াই স্বার্থ কিছু কিছু।
যা লিখি তা শ্রেষ্ঠ লেখা নাচে আমার চিত্ত।
প্রত্যাশা মোর সবাই আমার ঘুরুক পিছু পিছু।
আমার মতো কেউ নাই আর শক্তি আমার একক
হয় না লেখা। তবু ভাবি আমিই বড় লেখক।
