মাঠের ক্রিকেটে পুরো ভিন্ন বৈচিত্র্যে সাজানো ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের উদ্বোধনী দিন। দিনের আলোয় লো স্কোরিং ম্যাচের পর ফ্লাডলাইটের কৃত্রিম আলোয় দ্বিতীয় ম্যাচে ছিল টি-টোয়েন্টির আদর্শ মারকাটারি ব্যাটিংয়ের প্রদর্শনী।
গতকাল দিনের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে তিন উইকেটে হারিয়ে বিপিএল শুরু করেছে গত আসরের তলানীর দল চিটাগং ভাইকিংস। সন্ধ্যায় দিনের দ্বিতীয় ম্যাচে আফগান হযরতউল্লাহ জাজাইয়ের ধন্ধুমার ব্যাটিংয়ে রাজশাহী কিংসকে ৮৩ রানে পরাজিত করেছে ঢাকা ডায়নামাইটস। বড় জয়ে বিপিএল মিশন শুরু করলো সাকিব আল হাসানের দল। হাফ সেঞ্চুরিয়ান জাজাই ম্যাচ সেরা হন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি রাজশাহী। ১৮.২ ওভারে ১০৬ রানে অলআউট হয়েছে দলটি। হাফিজ ২৯, আরাফাত সানি ১৮, মুস্তাফিজ অপরাজিত ১১ রান করেন। ঢাকার পক্ষে রুবেল তিনটি, মোহর শেখ দুটি করে উইকেট নেন।
এর আগে আফগান ওপেনার হযরতউল্লাহ জাজাইয়ের বিস্ফোরক ব্যাটিংয়ে পাঁচ উইকেটে ১৮৯ রানের পুঁজি গড়ে ঢাকা ডায়নামাইটস। ১১৬ রানে জাজাই-সুনীল নারিনের ওপেনিং জুটি। নারিন ৩৮ রান করেন। ইনিংসের ১২তম ওভারে জাজাই যখন আউট হন তখন ঢাকার স্কোর ছিল ১২৪ রান। ৪১ বলে ৭৮ রানের (৪ চার, ৭ ছয়) ঝড়ো ইনিংস খেলেন এই আফগান ব্যাটসম্যান। তারপর সাকিব, পোলার্ড ও নুরুল হাসান দ্রুত বিদায় নিলে ১৩৬ রানেই পাঁচ উইকেট হারিয়ে বসে ঢাকা। দুইশ রানের সম্ভাবনাও উবে যায়। ষষ্ঠ উইকেটে শুভাগত হোমের ১৪ বলে অপরাজিত ৩৮, আন্দ্রে রাসেলের অপরাজিত ২১ রানে অনেকটাই প্রত্যাশিত স্কোর পেয়ে যায় ঢাকা। রাজশাহীর আরাফাত সানি দুটি উইকেট নেন।
